সিলেট নগরের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজের পাশে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে ইমন আচার্য্য (২৮) নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) এক কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে এই ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
নিহত ইমন আচার্য্য র্যাব-৯ এ কর্মরত ছিলেন। তার বিপি নং- ৯৮১৮২১৯২০৫। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টার সময় সিলেট জেলার কোতোয়ালী থানাধীন ক্বীন ব্রিজের পশ্চিম পাশে পুলিশের একটি নিয়মিত টহল টিম পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা এক ছিনতাইকারী দৌড়ে পালানোর চেষ্টা করে।
ওই সময় ছিনতাইকারীকে পালিয়ে যেতে দেখে র্যাব সদস্য কনস্টেবল ইমন আচার্য্য তাকে আটক করার চেষ্টা করেন। ছিনতাইকারী কনস্টেবল ইমনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরপর রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় কনস্টেবল ইমন আচার্য্যকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার পর তিনি মারা যান।
ঘটনার পরপরই ক্বীন ব্রিজ ও আশপাশের এলাকায় ব্যাপক তৎপরতা শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। কোতোয়ালী থানা পুলিশ তাৎক্ষণিক একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।












