রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় রিকশাচালক আরিফুল ইসলাম নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃতরা হলেন—ফিরোজ শাহ, গোপাল ব্যানার্জি ও মুজাহিদুল ইসলাম সম্রাট।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এবং নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে আদালত এলাকায় দুই পক্ষের সংঘর্ষের জেরে পরবর্তীতে বদরগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিশোধপরায়ণ হয়ে সংঘবদ্ধ হামলার সময় রিকশাচালক আরিফুল ইসলামকে লক্ষ্য করে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দায়ের করা মামলায় ফিরোজ শাহকে প্রধান আসামি করা হয়েছে। গোপাল ব্যানার্জি ও মুজাহিদুল ইসলাম সম্রাটসহ মোট ২১ জনের নাম উল্লেখ রয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, অন্যদের ধরতে অভিযান চলছে।












