রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর চালানো এ হামলায় মস্কোতে অন্তত তিনজন নিহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাজধানী মস্কোসহ একাধিক অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত হানলে এক নারী নিহত হন এবং আরও কয়েকজন হতাহত হন।
স্থানীয় কর্মকর্তারা জানান, ভোর থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন এবং কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনও জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ড্রোন প্রতিহত করেছে, তবে কিছু এলাকায় ধ্বংসাবশেষ পড়ে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট সম্প্রতি রাশিয়ার হামলার জবাবে পাল্টা আক্রমণ জোরদারের ঘোষণা দেন। এর পরপরই এই বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের টানাপোড়েনের মধ্যে উভয় পক্ষই একে অপরের ভেতরে হামলা জোরদার করায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।











