কুমিল্লাবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

প্রতিবেদক
Cumilla Press
জুন ১, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আগামীকাল মঙ্গলবার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার সকালে দুই আসামিকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। আদালত অভিযোগ গঠনের আদেশ দেওয়ার পর মামলাটি বিচারিক পর্যায়ে প্রবেশ করে।

আদালত সূত্রে জানা যায়, অভিযোগ পাঠের সময় সোহেল রানা নিজের বক্তব্য উপস্থাপনের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে স্বপ্না আক্তার আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় সোহেল রানা তার স্ত্রীকে নির্দোষ দাবি করেন।

এর আগে মামলার তদন্ত শেষে পল্লবী থানার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য পাঠান।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ স্বপ্না আক্তারকে হেফাজতে নেয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলেও মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মামলাটির দ্রুত বিচার নিশ্চিত করতে আদালত আগামীকাল থেকে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন।