রাজধানীর মহাখালীতে আজ বৃহস্পতিবার ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। ওই ঘটনায় চারজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবির (আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণাকেন্দ্র, বাংলাদেশ) সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মহাখালীর বাস টার্মিনালের দিকে যাত্রা শুরু করেন। টার্মিনাল এলাকায় এলে মহিলা লীগেরও কয়েকজন যুক্ত হয়। এ সময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ মিছিল বের করেছিল। তারা ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে মিছিল থেকে চারজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হওয়ার প্রক্রিয়া চলছে।










