কুমিল্লাসোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধ শুরুর পর ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৯, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাজধানী কিয়েভসহ পুরো ইউক্রেনজুড়ে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত থেকে রোববার (১৯ জুলাই) ভোর পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী এই হামলায় বহু মানুষ হতাহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা দাবি করেছেন, এক রাতে এত বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর আগে কিয়েভের দিকে ছোড়া হয়নি। হামলায় রাজধানীর অন্তত ছয়টি জেলায় আগুন লাগে এবং আবাসিক ভবন, অফিস, শিল্পপ্রতিষ্ঠান, ছাত্রাবাস ও অসংখ্য যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

জরুরি উদ্ধারকারী সংস্থা জানায়, সভিয়াতোশিনস্কি জেলার একটি জ্বলন্ত বাড়ি থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শেভচেনকিভস্কি জেলার তিনতলা একটি ভবনে আগুন লাগলে সেখান থেকেও বাসিন্দাদের উদ্ধার করা হয়। পরে একটি ভবন থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সোলোমিয়ানস্কি, দেসনিয়ানস্কি ও দনিপ্রো জেলাতেও আগুনের ঘটনা ঘটে।

হামলাকে ‘নৃশংস সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কোর ওপর আরও কঠোর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন, যাতে এই হামলা বন্ধ হয়।

এদিকে, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন। জাপোরিঝিয়া অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলায় ট্রেনটির একজন চালক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে।

ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাতে রাশিয়া মোট ৪১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার মধ্যে ১৮টি ভূপাতিত করা হয়েছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে দেশটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।

কিয়েভে হামলার কয়েক ঘণ্টা পর, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর-পূর্বাঞ্চলে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের উপকণ্ঠে অবস্থিত ইউক্রেনের বৃহৎ ডাক পরিষেবা সংস্থা নোভা পোশতার টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। গভর্নর ওলেহ সিনাইহুবভ জানিয়েছেন, দুপুরের হামলায় ২৪, ৪৫ ও ৬২ বছর বয়সী তিনজন পুরুষসহ অন্তত চারজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন।

সিনাইহুবভের মতে, সম্মুখসারির শহর ইজিউমের একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার ড্রোন হামলায় এক বছরের এক বালকসহ ১৭ জন আহত হয়েছেন। গভর্নর সকালে জানান, গত ২৪ ঘণ্টায় খারকিভ ওব্লাস্টজুড়ে দুজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।