কুমিল্লাসোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালাল ইরান

প্রতিবেদক
Cumilla Press
জুন ১, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির দাবি, ইরানের হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার পরপরই সংশ্লিষ্ট বিমানঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনীর অভিযানের প্রায় এক ঘণ্টার মধ্যেই আইআরজিসির মহাকাশ বাহিনীর ইউনিটগুলো পাল্টা অভিযান পরিচালনা করে। তাদের দাবি, হামলার উৎসস্থল হিসেবে চিহ্নিত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সফলভাবে আঘাত হানা হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের জবাবে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় এবং নির্দিষ্ট লক্ষ্য ধ্বংস করা হয়েছে। তবে কোন দেশের ভূখণ্ডে বা ঠিক কোন বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কার মধ্যে কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। একই সঙ্গে দেশটির কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানোর খবরও পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ চলতে থাকলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।