নোয়াখালীর উপকূলীয় এলাকায় মেঘনা নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
রোববার (১৭ মে) হাতিয়া ও সুবর্ণচর এলাকায় সরেজমিনে ভাঙন পরিস্থিতি দেখতে গিয়ে তিনি বলেন, উপকূলের মানুষ দীর্ঘদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে। নদীভাঙন, বন্যা ও প্লাবনের মতো ঝুঁকি মোকাবিলা করেই তাদের জীবনযাপন করতে হয়।
মন্ত্রী জানান, বর্তমান সরকার জনগণের দুর্ভোগ লাঘবে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিচ্ছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতভিটা রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, স্থানীয় মানুষের প্রত্যাশা অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবিলা সম্ভব হবে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।












