নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মেঘনা নদীতে তিনটি মরদেহ ভাসতে দেখে ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে গজারিয়া থানা পুলিশ ও নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে। এ সময় তীব্র স্রোতে আরও একটি মরদেহ ভেসে যায় বলে জানায় পুলিশ।
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করে। পরে সম্ভুপুরা ইউনিয়নের চর রমজানবেগ এলাকার মেঘনা নদীর কচুরিপানার ভেতর থেকে প্রথমে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এরপর সেখান থেকে ৫০ মিটার দূরে কচুরিপানার ভেতর পায়ে রশি বাঁধা ভাসমান অবস্থায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মেঘনার তীব্র স্রোতে আরও একজনের মরদেহ ভেসে যায় বলে তিনি জানান।
তিনি আরও জানান, এ ঘটনায় মরদেহ দুটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। অন্যদিকে তীব্র স্রোতে ভেসে যাওয়া মরদেহটি উদ্ধারেও চেষ্টা চালাচ্ছে নৌ-পুলিশ। তবে নিহতদের পরিচয় শনাক্ত হলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চর কিশোরগঞ্জ এলাকার স্থানীয়দের মাঝে। ফলে বিষয়টি নিয়ে জোরালো তদন্তের তাগিদ দিয়েছেন স্থানীয়রা।











