যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের এক প্রার্থনা সভায় যে উদ্ধৃতি ব্যবহার করেন, তা বাইবেলের বাণী নয়—বরং জনপ্রিয় হলিউড চলচ্চিত্র ‘পাল্প ফিকশন’ থেকে নেওয়া—এমন তথ্য প্রকাশের পর তাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সেনাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি উদ্ধৃতিটি ব্যবহার করেন এবং সেটিকে বাইবেলের ‘ইজেকিয়েল ২৫:১৭’-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করেন। তবে পরবর্তীতে বিশ্লেষণে দেখা যায়, উদ্ধৃতিটি মূল বাইবেলের বাণীর সঙ্গে পুরোপুরি মেলে না; বরং চলচ্চিত্রে ব্যবহৃত সংলাপের সঙ্গেই বেশি সাদৃশ্যপূর্ণ।
ওই সংলাপটি ‘পাল্প ফিকশন’ সিনেমায় ভাড়াটে খুনি জুলস চরিত্রে অভিনয় করা স্যামুয়েল এল. জ্যাকসন ব্যবহার করেছিলেন, যা সিনেমার অন্যতম পরিচিত ডায়ালগ হিসেবে বিবেচিত।
এ ঘটনার পর কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব তুলেছেন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি শন পারনেল অবশ্য স্বীকার করেছেন, প্রার্থনায় ব্যবহৃত বক্তব্যে সিনেমার সংলাপের প্রভাব ছিল। তবে তিনি সমালোচনাকে ‘ভুল তথ্য’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।












