রাজধানীর মিরপুরে এক কিশোরকে জিম্মি করে রাখার অভিযোগে মোহাম্মদ রাব্বি (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় অর্ক নামে ওই কিশোরকে উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে রাব্বির সঙ্গে থাকা আরও তিন ছিনতাইকারী পালিয়ে গেছে।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবী থানার মিরপুর বাংলা স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশ সদস্য রাস্তার পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে অটোরিকশাটির কাছে গেলে ভেতর থেকে অর্ক চিৎকার করে সাহায্য চান।
তাৎক্ষণিকভাবে ওই পুলিশ সদস্য অটোরিকশার কাছে গিয়ে রাব্বিকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়।
আটক রাব্বিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।












