কুমিল্লাবুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২, ২০২৬ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীতে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর সোসাইটি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসার সামনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক কারবার ও এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরকুন ও পাগাড় এলাকার কয়েকজনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন নুরুল ইসলামকে তাঁর বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হাঁটুর নিচে এলোপাতাড়ি কুপিয়ে এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ ওঠে।

এতে নুরুল ইসলাম গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। রাত ১২টার দিকে হামলাকারীরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁকে বাসার সামনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে সিএনজিতে তোলার পরপরই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিএনজিচালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।