কুমিল্লারবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, পরকীয়া প্রেমিক গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
মে ১৭, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকায় ঘটে যাওয়া মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর সঙ্গে সম্পর্ক থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার হওয়া মো. উজ্জ্বল খান (৩৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

নিহতরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ এলাকার জাহানারা বেগম (৩০) ও তার পাঁচ বছর বয়সী কন্যা সামিয়া। গত ১৪ মে কালিতলা এলাকায় একটি পুকুরপাড় থেকে মাটিচাপা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পরিচয়ের সূত্র ধরে অভিযুক্তের সঙ্গে জাহানারার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ফরিদপুরে নিয়ে আসা হয়। সেখানে একটি নির্জন স্থানে কথাকাটাকাটির জেরে হত্যাকাণ্ড ঘটে বলে তদন্তে উঠে এসেছে।

ঘটনার পর অভিযুক্ত মরদেহ গোপন করে পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।