মানিকগঞ্জ সদরে ভাগ্নে হাতে সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কাটিগ্রামে।
রবিবার (২৪ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া (১৯) নিহতের আপন ভাগ্নে। তিনি একই এলাকার আতাউর রহমান আতার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়িতে সাথী আক্তারের সঙ্গে ভাগ্নে রিপন মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন ধারাল অস্ত্র দিয়ে সাথী আক্তারের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়।
নিহতের মরদেহের পাশে ধারাল অস্ত্র নিয়ে একই কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করছিলেন অভিযুক্ত রিপন মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন।
তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে অভিযুক্ত রিপন মিয়াকে আটক করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












