গোপালগঞ্জে মহাসড়কে গতি প্রতিযোগিতা করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।
মহাসড়কে গতি প্রতিযোগিতা করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার চামটা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট গ্রামের অশিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার নাগরদী গ্রামের মাহেন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহিন বেপারীর ছেলে ফয়সাল বেপারী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওই তিন যুবক দুটি মোটরসাইকেল নিয়ে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট এলাকা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চামটা ব্রিজের দিকে যান। পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক ধরে বেপরোয়া গতিতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা (রেসিং) করে মাদারীপুরের টেকেরহাটের দিকে ফিরছিলেন। চামটা ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের তীব্রতায় একটি মোটরসাইকেলে থাকা অচিন্ত্য কুন্ডু ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য মোটরসাইকেলে থাকা উজ্জ্বল ও ফয়সাল গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুই যুবককে দ্রুত উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ শনিবার অপরজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এবং সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব জানান, বেপরোয়া গতির প্রতিযোগিতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। গতকাল একজন ও আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।












