নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযানে চার যুবককে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে মোহনগঞ্জ থানার নওহা জামে মসজিদের সামনে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে চার যুবককে হাতেনাতে আটক করা হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। তিনি অভিযোগের বিষয়টি আমলে নিয়ে চারজনকে দোষী সাব্যস্ত করেন এবং অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নওহা গ্রামের মৃত আশব আলীর ছেলে মো. শমল মিয়া (২২), পশ্চিম টেংগাপাড়া গ্রামের মৃত মনু মিয়ার ছেলে জাহেদুল ইসলাম জুয়েল (৩৩), সুনামগঞ্জের ধর্মপাশা থানার শেখবাড়ী এলাকার অর্জুন রায়ের ছেলে অনয় রায় (২০) এবং ধর্মপাশার খুরশিমুল গ্রামের মহর উদ্দিনের ছেলে মো. ফারুক মিয়া (৩৫)।
রায়ে শমল মিয়াকে এক মাস, জাহেদুল ইসলাম জুয়েল ও অনয় রায়কে ১৫ দিন করে এবং ফারুক মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চারজনকেই নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।











