বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা এবং মরক্কোর সঙ্গে কৌশলগত অংশীদারত্ব নতুন উচ্চতায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
মঙ্গলবার (১৯ মে) মরক্কোর রাজধানী রাবাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতার সঙ্গে বৈঠকে এ কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে দুই দেশ রাজনৈতিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, বস্ত্র, ওষুধ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ তুলে ধরে প্রতিমন্ত্রী ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের প্রস্তাব দেন। জবাবে মরক্কো ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ব্যবসায়ী প্রতিনিধি দল পাঠাতে আগ্রহ প্রকাশ করে।
কৃষিখাতে ফসফেট সরবরাহ আরও কার্যকর করতে সরকার-টু-সরকার সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি। পাশাপাশি মরক্কোর বাজারে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের প্রসারে একসঙ্গে কাজ করার কথাও তুলে ধরেন।
এছাড়া তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিল্প প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। দুই দেশের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও মতবিনিময় করা হয়েছে।
একই সফরে মরক্কোর বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠকে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন, নারী ও যুব ক্ষমতায়ন এবং কারিগরি প্রশিক্ষণসহ নানা বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমানে মরক্কো সফরে রয়েছেন এবং সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।












