ভারতের মধ্যপ্রদেশের রতলামে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রোববার (১৭ মে) ভোরের দিকে বিক্রমগড় আলোত স্টেশনের কাছে ট্রেনটির বি-১ কোচে আগুন লাগে। ওই বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পরপরই তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার পর আক্রান্ত বগিটি অন্য কোচ থেকে বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়, ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কমে যায়।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
প্রতিবেদন অনুযায়ী, ট্রেনটি কেরালার থিরুভানানথাপুরাম থেকে দিল্লির নিজামুদ্দিন স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করছিল এবং অগ্নিকাণ্ডের সময় রাজধানী থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।











