কুমিল্লাশনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে আধিপত্যের দ্বন্দ্বে ফের সংঘর্ষ, আহত ৩০

প্রতিবেদক
Cumilla Press
মে ১৬, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভবানীপুর এলাকায় পূর্বের বিরোধকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষটি শুরু হয়। স্থানীয় সূত্র জানায়, শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মেরাজ মেম্বার ও সাবেক মেম্বার বাদশা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত ১৫ দিনের মধ্যেই এ নিয়ে অন্তত তিনবার সংঘর্ষের ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ভবানীপুর বাজারে একপক্ষ অপর পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এর জের ধরে শনিবার সকালে বাদশা মেম্বারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে বাজার এলাকায় হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে অন্তত তিনটি দোকান ও পাঁচটি বসতঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে ১৫ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত পাভেল (২৫) ও সুবর্ণা (৩০)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভৈরব থানার উপপরিদর্শক পাভেল মোল্লা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।