কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (৬ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য ও রূপম কুমার সরকারের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অপরাধে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের হোসেন মিয়া (২৫) এবং পূর্ব পোমকারা গ্রামের অলিউল্লাহকে (৪৭) আটক করা হয়।
পরবর্তীতে আমলি আদালত-২ (ব্রাহ্মণপাড়া)-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিন সামারি ট্রায়ালের মাধ্যমে আসামিদের সাজা প্রদান করেন। রায়ে হোসেন মিয়াকে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অলিউল্লাহকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে, সোমবার (৭ সেপ্টেম্বর) পৃথক এক অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল আলম সিদ্দিকী উপজেলার দক্ষিণ চান্দলা এলাকা থেকে দুটি জিআর পরোয়ানাভুক্ত আসামি আক্তার খানকে গ্রেপ্তার করেন।
আটক আক্তার খান ওই এলাকার নান্নু খানের ছেলে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠন ও আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।












