লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের পাটওয়ারীর বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই বাড়ির আবু ছিদ্দিক পাটওয়ারী (৬৫) এবং তাঁর নাতি পিয়াস (৮) ও নাতনি প্রেমা (৭)। জানা গেছে, দুই শিশু আবু ছিদ্দিক পাটওয়ারীর ছেলে ও মেয়ের সন্তান।
স্থানীয়রা জানান, দুপুরে আবু ছিদ্দিক পাটওয়ারী তাঁর নাতি-নাতনিকে সঙ্গে নিয়ে বাড়ির পুকুরে গোসল করতে যান। কিছুক্ষণ পর তিনজনের কাউকেই পানির ওপর দেখা না গেলে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। পরে পুকুরে তিনজনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা সেগুলো উদ্ধার করেন।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে।












