নিখোঁজের আট দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পূর্ব গজারিকুড়া রঞ্জনা ঝোড়া এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভুক্তভোগী বিল্লাল হোসেন নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের বাসিন্দা। তিনি ধান ব্যবসার পাশাপাশি দাদন ব্যবসায় জড়িত ছিল বলে জানান স্থানীয়রা।
পুলিশের ধারণা, তাঁকে হত্যা করে লাশ খালের পাড়ে মাটিচাপা দেওয়া হয়েছিল। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, গত ৪ আগস্ট রাত ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বিল্লাল। এরপর পরিবারের সদস্যরা তাঁর কোনো হদিস পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজি শেষে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।
গতকাল বুধবার বিকেলে পূর্ব গজারিকুড়া রঞ্জনা ঝোড়া এলাকায় শিশু-কিশোররা মাছ ধরতে গেলে খালের পাড়ে দুর্গন্ধ পায়। সন্দেহজনক মনে হলে তারা আশপাশে খোঁজাখুঁজি করে ঘটনাস্থল শনাক্ত করে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঝিনাইগাতী থানার পুলিশ গিয়ে বিকেল ৫টার দিকে খালের পাশে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। এ সময় বিল্লালের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম। তারা হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের আশ্বাস দেন।
ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদের ভাষ্য, পুলিশ ঘটনার রহস্য বের করতে তদন্তে নেমেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











