আজ রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। মেগা এই ফাইনালের জন্য বিশেষ এক জার্সি গায়ে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
চিরচেনা আকাশি-সাদা জার্সিতে ফাইনালের বিশেষ লেখার পাশাপাশি লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্টিনেজের জন্য থাকছে আলাদা সম্মাননা।
ফিফার নির্দেশনায় এই ফাইনালে নিজেদের প্রধান ‘হোম কিট’ অর্থাৎ আকাশি-সাদা জার্সি পরেই খেলবে আর্জেন্টিনা।
সঙ্গে থাকবে সাদা শর্টস ও সাদা মোজা। এবারের আসরে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডকে হারানোর ম্যাচগুলোতেও ঠিক এই কম্বিনেশনেই মাঠে নেমেছিল লিওনেল স্ক্যালোনির দল।অন্যদিকে, গোলরক্ষকদের গায়ে থাকবে সম্পূর্ণ সবুজ রঙের জার্সি।
জার্সিতে সবচেয়ে বড় নতুনত্ব থাকছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগোর ঠিক নিচেই।সেখানে ইংরেজিতে লেখা থাকবে ফাইনালের ‘ম্যাচ-ডে’ ডিটেইলস, ‘স্পেন বনাম আর্জেন্টিনা- ১৯ জুলাই ২০২৬- নিউইয়র্ক, নিউ জার্সি’। মূলত প্রতি ম্যাচের জন্যই এমন আলাদা স্মারক লেখা থাকে, তবে ফাইনালের জার্সিটিকে ধরা হচ্ছে বিশেষ সংস্করণ হিসেবে।
এছাড়া জার্সির বাঁ হাতায় থাকবে ‘ফুটবল ইউনিটস দ্য ওয়ার্ল্ড’ (ফুটবল বিশ্বকে এক করে) লেখা ফিফার ঐতিহ্যবাহী প্যাচ, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালেও ব্যবহার করা হয়েছিল। ডান হাতায় থাকবে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল লোগো এবং বুকের ঠিক মাঝখানে জ্বলজ্বল করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সোনালি ব্যাজ।
সবার জার্সি একই রকম হলেও অধিনায়ক লিওনেল মেসির জন্য থাকছে একেবারে এক্সক্লুসিভ একটি জার্সি। ক্যারিয়ারে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার স্বীকৃতিস্বরূপ তার জার্সিতে থাকছে ‘লিগ্যাসি’ লেখা একটি বিশেষ প্যাচ। এর উল্টো পাশেই ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে জেতা সেরা খেলোয়াড়ের পুরস্কারের (গোল্ডেন বল) স্মারক হিসেবে বসানো থাকবে আরও একটি ব্যাজ।
বাদ যাচ্ছেন না দলের অন্যতম ভরসা গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজও। ২০২২ কাতার বিশ্বকাপে জেতা ‘গোল্ডেন গ্লাভস’-এর স্বীকৃতিস্বরূপ তার জার্সিতেও থাকবে একটি পারসোনালাইজড প্যাচ।
এছাড়া বদলি গোলরক্ষক জেরোনিমো রুলি বা হুয়ান মুসোর যদি ফাইনালে মাঠে নামার সুযোগ হয়, তবে তারা বিশেষ ‘বিশ্বকাপ অভিষেক’ ব্যাজ পরে খেলতে পারবেন। কারণ, ২০২৬ বিশ্বকাপের এই আসরে এখনও তাদের মাঠে নামার সুযোগ হয়নি।












