২০২৬ বিশ্বকাপের ফাইনালে রোববার (১৯ জুলাই) রাতে নিউইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচের আগে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, রেফারি স্লাভকো ভিনচিচের উচিত নিয়ম প্রয়োগে কোনো ধরনের শিথিলতা না দেখানো। প্রতিবেদন
স্প্যানিশ দৈনিক স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি যেন কোনোভাবেই নিয়মভঙ্গকে প্রশ্রয় না দেন। ফুটবলের আইন অতিক্রম করার সুযোগ দেয়া উচিত নয়।’ তবে একই সঙ্গে তিনি রেফারিদের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, ‘রেফারিদের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। একই সঙ্গে আমরা জানি, এমন ম্যাচ কীভাবে সামলাতে হয়।’
স্পেন কোচের মতে, ফাইনালে নিজেদের স্বাভাবিক খেলার ধারা ধরে রাখাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, ‘আর্জেন্টিনা তাদের নিজস্ব ফুটবল খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকতে হবে নিজেদের খেলায়। নিজেদের দর্শন ও কৌশল থেকে সরে গেলে আমাদের ভুগতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের খেলার ধরনেই স্বাচ্ছন্দ্যবোধ করি। নিজেদের পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখি এবং কোনো ধরনের উসকানিতে পা দিতে চাই না। এর অর্থ এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে, তবে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকতে হবে।’
সংবাদ সম্মেলনেও দে লা ফুয়েন্তে ফাইনাল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রতি বছর যদি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারি, এমনকি হারলেও আমি তাতে রাজি। কারণ ফাইনালে ওঠাটাই বড় অর্জন, আর সেখানে জয়ের সুযোগ তৈরি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনা দুর্দান্ত ছন্দে থাকা একটি শক্তিশালী দল। আমরা আমাদের শক্তিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। একই সঙ্গে এই বিশেষ মুহূর্তটিও উপভোগ করতে চাই।’
আসন্ন ম্যাচ নিয়ে স্পেন কোচের মন্তব্য, ‘এটি অসাধারণ একটি ফাইনাল হতে যাচ্ছে। দুই দলেই অসাধারণ প্রতিভাবান ফুটবলার রয়েছে এবং খেলার ধরনেও কিছু মিল আছে। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল খেলতে চাইবে। আমরা আশা করি, রেফারি ম্যাচটি সঠিকভাবে পরিচালনা করবেন, যাতে বিশ্বকাপ ফাইনালের মর্যাদা অক্ষুণ্ন থাকে।’
এদিকে, কিছু গণমাধ্যমে আর্জেন্টিনাকে ‘আক্রমণাত্মক’ ও ‘অক্রীড়াসুলভ’ দল হিসেবে উল্লেখ করা হলেও সে বিষয়ে মন্তব্য করতে চাননি দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘আমি সবার মতামতকে সম্মান করি। টানা দুটি কোপা আমেরিকা জয়ী, বিশ্বকাপের ফাইনালিস্ট এবং আমার বন্ধু লিওনেল স্কালোনির কোচিংয়ে থাকা এই দলের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমরা প্রত্যেকে নিজেদের ফুটবল দিয়েই জয়ের চেষ্টা করব।’












