ফুটবল বিশ্বকাপের আসর যত ঘনিয়ে আসছে, একে একে চূড়ান্ত স্কোয়াড ঘোষণায় ব্যস্ত হয়ে পড়ছেন কোচরা। সোমবার (১৮ মে) মাঝরাতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সকক জল্পনা-কল্পনাকে পাশ কাটিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল স্কোয়াড ঘোষণা করলেও অপেক্ষায় রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
২৬ জনের বেশি সদস্য নিয়ে স্কোয়াড ঘোষণার পরিকল্পনা আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির।
জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি সপ্তাহখানেক আগেই প্রাথমিক স্কোয়াড সাজিয়ে জমা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে। সেই দল থেকেই বাছাই করা হবে চূড়ান্ত দল। প্রাথমিক দলে আছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। স্ক্যালোনি এখন চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন, আর তার মাথায় রয়েছে বিশেষ একটি পরিকল্পনা।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, সর্বোচ্চ ২৬জন খেলোয়াড়কে চূড়ান্ত স্কোয়াডে রাখার অনুমোদন থাকলেও স্ক্যালোনি এবার তার চেয়ে বেশি খেলোয়াড়কে প্রাথমিকভাবে ডাকতে চান। মে মাসের শেষ সপ্তাহে এজেইজায় দলের একটি অংশের অনুশীলন শুরু হবে, এরপর দলটি যুক্তরাষ্ট্রে ট্রেনিং ক্যাম্পে যাবে। চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় ৩০ মে।
স্ক্যালোনির পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো সম্ভাব্য ইনজুরি সমস্যা মোকাবিলা করা, যা তিনি আগের বিশ্বকাপে ভোগ করেছিলেন। কাতার বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে নিকোলাস গঞ্জালেস এবং হোয়াকুইন কোরেয়া চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন। তখন ছুটিতে থাকা অ্যানহেল কোরেয়া ও থিয়াগো আলমাদাকে জরুরিভাবে দোহায় উড়ে যেতে হয়েছিল।
এই পরিকল্পনার কারণে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে কয়েকটি চমকও দেখা যেতে পারে। স্কালোনি বিশেষ করে কয়েকজন উইঙ্গারকে বিবেচনায় রেখেছেন। সম্ভাব্য দুই বিকল্প হলে এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং মাতিয়াস সুলে, যারা ৫৫ সদস্যের প্রাথমিক তালিকায় রয়েছেন।
অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালিস্ট বুয়েন্দিয়াকে সর্বশেষ আর্জেন্টিনা দলে ডাকা হয়েছিল ২০২৫ সালের নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে জয়ের ম্যাচে। অন্যদিকে এএস রোমার ফরোয়ার্ড সুলের এখনো আলবিসেলেস্তেদের আকাশী-সাদা জার্সিতে অভিষেক হয়নি, যদিও তাকে কয়েকবার স্কোয়াডে রাখা হয়েছিল।
২০২৬ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে তারা ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হবে আইসল্যান্ড।
২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, যেখানে গ্রুপ ‘এ’-তে সহ-স্বাগতিক মেক্সিকো ঐতিহাসিক এস্তাদিও অ্যাজতেকায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে, যেখানে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে।














