বিশ্বকাপের ঠিক আগে আগে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পেয়ে সমর্থকদের উৎকণ্ঠা বাড়িয়েছিলেন মেসি। তবে সে সময় এই চোটকে স্রেফ ক্লান্তি বলেই আশ্বস্ত করেছিলেন মায়ামির কোচ। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ দিয়ে অবশেষে মাঠে ফিরলেন আর্জেন্টিনার অধিনায়ক। আর সব শঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে সময় নিলেন মাত্র ১১৯ সেকেন্ড। দিলেন বিশ্বকাপে স্বরূপে ফেরার প্রতিশ্রুতি।
বুধবার (১০ জুন) আলাবামায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারানোর ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেছেন লিওনেল মেসি। ম্যাচে বদলি হিসেবে নেমে দুই মিনিটেরও কম সময়ের মধ্যে পেনাল্টি আদায় করে নেন ইন্টার মায়ামির এই মহাতারকা। স্পটকিক থেকে বল জালে পাঠাতে বেগ পেতে হয়নি তাকে।
আর্জেন্টিনার হয়ে এটি ছিল মেসির ১৯৯তম ম্যাচ। খেলার ৬৯ মিনিটে তিনি জুলিয়ানো সিমিওনের বদলি হিসেবে মাঠে নামেন। আর মাত্র ৫৩ সেকেন্ডের মধ্যেই নিজের প্রভাব দেখাতে শুরু করেন। বলে প্রথম স্পর্শেই দুর্দান্ত এক পাসে তিনি লাউতারো মার্টিনেজকে সুযোগ তৈরি করে দেন। শট নেওয়ার সময় বক্সের ভেতরে ফাউলের শিকার হন লাউতারো এবং রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি
২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করার তিক্ত স্মৃতি এবার ভুলে যেতে পেরেছেন মেসি। নিজেই পেনাল্টি নিতে এসে জোরালো শটে বল জালে জড়ান। আইসল্যান্ডের গোলরক্ষক ওলাফসনের কিছুই করার ছিল না। ৭১ মিনিটে করা এই গোলে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়।
এই গোলটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ১১৭তম গোল। একই সঙ্গে তিনি গড়েছেন নতুন এক রেকর্ড। ৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে গোল করে তিনি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন। এতদিন রেকর্ডটি ছিল কিংবদন্তি অ্যানহেল লাব্রুনার দখলে। তিনি ১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে রোকা কাপে ৩৮ বছর ৯ মাস ১০ দিন বয়সে গোল করেছিলেন।
গত ২৪ মে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। তবে সেই চোট গুরুতর ছিল না। ফলে ২০২৬ বিশ্বকাপে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে তার আর কোনো বাধা থাকছে না।












