কুমিল্লাবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১১, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার সকালে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আশঙ্কা করছেন, গুরুতর আহতদের মধ্যে আরও কেউ মারা যেতে পারেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।