টোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় বাস ও গরুবাহী ভটভটির (নছিমন) মুখোমুখি সংঘর্ষে চার গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল এলাকার আব্দুর রহমান এবং দুই ভাই আক্কাছ আলী ও জাহাঙ্গীর আলম। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন নামে আরও একজনের মৃত্যু হলে এ দুর্ঘটনায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়ায় চারজনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের বড়াইগ্রাম থেকে চান্দাইকোনা গরুর হাটের উদ্দেশে ছেড়ে আসা একটি নছিমনের সঙ্গে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি বিকট সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নছিমনে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে আরও তিনজনের মৃত্যু হয়। বর্তমানে আহত বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও নছিমন দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।












