রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসার আটতলা থেকে রিক্তা মণি (১২) নামে এক গৃহকর্মীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ।
নিহত রিক্তা মণির গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত।
শুক্রবার (১৯ জুন) ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিক্তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।


শনিবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি জানান, ঘটনাটি শুক্রবার ভোরের দিকে ঘটেছে। পরে রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ওই বাসার গৃহকর্তা ইঞ্জিনিয়ার সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, রিক্তার পরিবার এ ঘটনায় অভিযোগ করেছে। মামলার প্রস্তুতি চলছে।












