নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগী ওই গ্রামের সোহেল মন্ডলের মেয়ে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বাবা সোহেল মন্ডলের সঙ্গে মাঠে গিয়েছিল সোহাগী। সোহেল মন্ডল তখন পাওয়ার টিলার দিয়ে আলুর জমি চাষ করছিলেন। এ সময় মেয়েকে ক্ষেতের আইলে বসিয়ে রাখেন তিনি। একপর্যায়ে ক্ষেত থেকে একটি শিয়াল বেরিয়ে এলে ভয় পেয়ে বাবার কাছে ছুটে যায় শিশুটি। কিন্তু কাছে পৌঁছানোর আগেই চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কৃষক সোহেল মন্ডল পাওয়ার টিলার দিয়ে অন্যের জমিতে চাষাবাদ করেন। সোমবার বিকেলে তিনি জগন্নাথপুর মাঠে আলুর জমি চাষ করতে যাচ্ছিলেন। এ সময় বাবার সঙ্গে যাওয়ার বায়না ধরে সোহাগী। পরে মেয়েকে সঙ্গে নিয়েই মাঠে যান তিনি। জমি চাষের সময় মেয়েকে ক্ষেতের আইলে বসিয়ে রাখেন। পরে শিয়াল দেখে ভয় পেয়ে বাবার কাছে ছুটে যাওয়ার সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুটি গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।












