কুমিল্লারবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ আগুন, পুড়ল অর্ধশতাধিক দোকান-ঘর

প্রতিবেদক
Cumilla Press
মে ১৭, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০টি দোকানপাট ও বসতঘর পুড়ে গেছে। শনিবার ভোররাত ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয়দের তথ্যমতে, ভোরে হঠাৎ আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অধিকাংশ দোকানে দাহ্যসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্গম এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালেও একই বাজারে বড় ধরনের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।