কুমিল্লাবুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ব্যাটারিচালিত ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রতিবেদক
Cumilla Press
জুন ২, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের কচুয়ায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২ জুন ) দুপুরের দিকে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চরকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। 

নিহতরা হলেন- কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের দৌলত খানের ছেলে মতিউর রহমান খান (৭০) ও পিরোজপুর সদর উপজেলার জুসখোলা গ্রামের সরোয়ারের ছেলে রাব্বি (২৫)।

এ ঘটনায় আহতরা হলেন- পিরোজপুর জেলার চালিতাখালি গ্রামের ইব্রাহিম শেখের ছেলে আবু হাসান (৩০)। তিনি ভ্যানচালক ছিলেন। কচুয়ার চরকাঠী গ্রামের রশিদ শেখের ছেলে রোমান শেখ (৩২)। অবস্থা গুরুতর হওয়ার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে  সাইনবোর্ড থেকে কচুয়াগামী একটি ব্যাটারিচালিত ভ্যানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর থাকায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন দায়িত্বরত চিকিৎসক। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে রাব্বি ও মতিউর খান মারা যান।

কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক বাইন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করি। এ ঘটনায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন।