“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজ দেশ বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে দেশব্যাপী ৫ বছরে ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বরুড়ার কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বরুড়ার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বরুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।
এ সময় উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন ভূঁইয়া সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানান তারা।
কর্মসূচি শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












