শরীয়তপুরের ভেদরগঞ্জে পানিতে পড়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার ছয়গাঁ ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এদের মধ্যে একজনের দাম রিদম (৭) ও অপরজনের নাম রিফাত (৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ পাপরাইল এলাকার বাবা নৈয়াব ফকিরের বাড়িতে শিশু সন্তান রিফাতকে নিয়ে বেড়াতে আসেন তারই মেয়ে সীমা। অপরদিকে বাড়িতে ছিলো নৈয়াব ফকিরের ছেলে বাবুল ফকিরের ঘরের নাতি রিদম। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে রিদম ও রিফাত দুই মামাতো-ফুফাতো ভাই বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলছিলো। ধারণা করা হচ্ছে, খেলার একপর্যায়ে বলটি পুকুরের পানিতে পড়ে গেলে সেটি তুলতে গেলে দুজনেই পানিতে ডুবে যায়। একপর্যায়ে দুই ভাইকে দেখতে না পেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির করলে পানি থেকে ভাসমান অবস্থায় তাদের দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে
বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’












