ফারাক্কা বাঁধকে আন্তর্জাতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে প্রতিবেশী দেশ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৬ মে) জাতীয় শহীদ মিনারে ‘ফারাক্কা লং মার্চ’ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় তিনি বলেন, দেশের স্বার্থে গঙ্গা চুক্তি নবায়নের জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং পানি ইস্যুতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সরকারকে সহযোগিতার কথাও জানান বিভিন্ন রাজনৈতিক নেতা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান পানি চুক্তিগুলো বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং দেশের প্রাপ্য হিস্যা আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, জাতীয় স্বার্থ বিবেচনায় গঙ্গা চুক্তি পুনর্নবায়নে কাজ করবে সরকার।
মির্জা ফখরুল আরও বলেন, সীমান্তে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের ঘটনার নিন্দা জানাতে হবে। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।
ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।












