ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সদস্যদের সুযোগ-সুবিধা উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগ ও দুর্ঘটনায় জনগণের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন এবং তাদের পেশাদারিত্ব ও আত্মত্যাগ জাতির আস্থা অর্জন করেছে। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে দেশে দুর্যোগের ঝুঁকি বাড়ায় এ বাহিনীর গুরুত্বও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ৫৩৮টি ফায়ার স্টেশন কার্যক্রম পরিচালনা করছে, তবে প্রয়োজনের তুলনায় তা এখনও অপর্যাপ্ত। এ কারণে নতুন স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণসহ সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহ এবং ডুবুরি পদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ উন্নয়নে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি একাডেমি স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম চালুর মাধ্যমে সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সদস্যদের আবাসন সংকট নিরসনে মিরপুর ও সদরঘাটে বহুতল আবাসিক ভবন নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুবিধা বৃদ্ধির প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনের পাশাপাশি পাসিং আউট প্যারেড পরিদর্শন করেন মন্ত্রী এবং বীরত্বপূর্ণ অবদানের জন্য ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পদক তুলে দেন।












