বিশ্বকাপ ফাইনালের আগে স্বস্তির খবর পেল স্পেন। দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো চোট কাটিয়ে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে লুকা দিনিয়ের সঙ্গে বলের দখল নিয়ে লড়াই করতে গিয়ে পায়ে আঘাত পান ইয়ামাল। যদিও চোট নিয়েই ম্যাচ শেষ করেন তিনি। এরপর দলের অনুশীলনে অংশ না নেওয়ায় তার ফাইনাল খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
তবে সেই জল্পনার ইতি টেনে দে লা ফুয়েন্তে জানিয়েছেন, ইয়ামালের অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
স্প্যানিশ কোচ বলেন, ‘আমরা চেয়েছিলাম সে আলাদা অনুশীলন করুক এবং ফিজিওদের পর্যবেক্ষণে থাকুক। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। এখন সে পুরোপুরি ভালো আছে। তার শারীরিক কোনো সমস্যা নেই। চিকিৎসক দলের কাছ থেকেও ইতিবাচক খবর পেয়েছি।’
তিনি আরও জানান, ইয়ামাল ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনেও ফিরেছেন।
দে লা ফুয়েন্তে বলেন, ‘ফাইনালের দুই দিন আগে ইয়ামাল দলের সঙ্গে অনুশীলন করেছে। গতকাল পুরো দল একসঙ্গে অনুশীলন করেছে। আজকের শেষ অনুশীলন সেশনটি আরও গুরুত্বপূর্ণ হবে।’
এদিকে সেমিফাইনালে পেশিতে টান লেগে ৮৫ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হওয়া রাইটব্যাক পেদ্রো পোরোকেও নিয়ে ছিল অনিশ্চয়তা। ইয়ামালের মতো তিনিও কয়েকটি অনুশীলন মিস করেছিলেন। তবে ফাইনালের আগে তিনিও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।












