বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন।
মেগা ফাইনালের আগের রাতে পুরো আর্জেন্টিনা দল এক অনন্য সাধারণ ফ্রেমে বন্দী হয়েছে, যা ফুটবলপ্রেমীদের আবেগ ছুঁয়ে গেছে।
খেলোয়াড়, কোচিং স্টাফ, মেডিকেল টিম, কিট ম্যানেজার, রাঁধুনি এবং ফুটবল ফেডারেশনের ডিরেক্টররা; সবাই মিলে শিরোপা লড়াইয়ের ঠিক আগের রাতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন।
মাঝখানে অধিনায়ক লিওনেল মেসি এবং পাশে হেড কোচ লিওনেল স্কালোনিকে রেখে ঐতিহাসিক এই ছবি তোলা হয়, যার নেতৃত্বে ছিলেন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। বিশ্রামে যাওয়ার আগে দলের এই পারিবারিক আবহ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আলবিসেলেস্তে অধিনায়ক নিজেই।২০১৪ (ব্রাজিল) ও ২০২২ (কাতার) বিশ্বকাপের পর এটি মেসির ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে লিওনেল মেসি লিখেছেন, ‘এতগুলো বছরের সবচেয়ে সুন্দর অধ্যায়টি কেবল এই ট্রফি বা খেতাবগুলোই ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল আসল আনন্দ।প্রতিদিন এই গ্রুপটার সঙ্গে কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন মুহূর্তগুলোতে আবার ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি পদক্ষেপ উপভোগ করা ছিল দারুণ।’
তিনি আরও যোগ করেন, ‘আমার প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং যারা এই দলটিকে একটি পরিবার হিসেবে ধরে রাখতে প্রতিদিন নেপথ্যে কাজ করে যান, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতিমধ্যেই এমন এক ইতিহাস লিখে ফেলেছে যা আমরা কখনো ভুলব না এবং কেউ তা মুছে দিতে পারবে না। এগিয়ে যাও আর্জেন্টিনা!’
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ের পর ফাইনালে নামার আগে আর্জেন্টিনার শুরুর একাদশে দুটি জায়গায় কিছুটা সংশয় রয়েছে কোচ লিওনেল স্কালোনির। মাঝমাঠে সেমিফাইনালের গোলদাতা হুলিয়ানো সিমিওনেকে বেঞ্চে বসিয়ে অভিজ্ঞ রদ্রিগো দে পলকে ফিরিয়ে আনা হতে পারে।
অন্য সংশয়টি রয়েছে রক্ষণভাগের ডান প্রান্তে (রাইট-ব্যাক)। সেখানে নাহুয়েল মলিনা কি নিজের জায়গা ধরে রাখবেন, নাকি সুযোগ পাবেন গনসালো মন্তিয়েল? এই দুটি জায়গা বাদে বাকি একাদশ সেমিফাইনালের মতোই অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি।
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ:
এমিলিয়ানো মার্তিনেস (গোলকিপার); নাহুয়েল মলিনা অথবা গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস , নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল অথবা হুলিয়ানো সিমিওনে, লেয়ান্দ্রো পারেদেস, এনসো ফার্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।
কোচ: লিওনেল স্কালোনি।












