চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে দুর্ঘটনায় জড়িত বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ বাসচালককে আটক করেছে।
সোমবার সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি বিআরটিসি বাস প্রথমে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় এবং একপর্যায়ে দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন দেয়। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ ইয়াসিন জানান, দুর্ঘটনার পর বাসচালককে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।












