কুমিল্লাবৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে ডুবে খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৪, ২০২৬ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দ্বীপকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন। কয়েক মাস ধরে কাকার সঙ্গে এসব সৃজনশীল ভিডিওতে অংশ নিত দ্বীপ। ছোট্ট দ্বীপের উপস্থিতি ও অভিনয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা পায়। দ্বীপের মৃত্যুর খবর তার কাকা বিপ্লব শীল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। শিশুটির অকালমৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করেন তার পরিচিতজন ও অনুসারীরা।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।