কুমিল্লাবুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী সদর উপজেলা আ.লীগ সহসভাপতি মিজানুর মারা গেছেন

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৫, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৮ মামলার আসামি পটুয়াখালী সদর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান ওরফে মনির খান (৪৮) মারা গেছেন। বুধবার (৫ আগস্ট) বেলা সারে ৩টার দিকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান তিনি।

গত বছরের জুনে গ্রেফতার হয়েছিলেন তিনি। চলতি বছরের জুনে কারাগারে অসুস্থ হয়ে পড়া মিজানুরকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। তবে মৃত্যুর ৭দিন আগেই তার জামিন হয়েছিল।

মৃত মিজানুর রহমানের মামা সিরাজ মুন্সি জানান, তাদের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল খালেক। তিনি উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। বহু বছরের রাজনৈতিক জীবন তার। আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদে ছিলেন তিনি। ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে তিনি পালিয়ে থাকতেন। ২০২৫ সালেন ১৫ জুন তাকে আটক করা হয়। এরপর একে একে ৮টি মামলা দেয়া হয় তার নামে। যার ৬টি ঢাকার আর বাকি ২টি সদর উপজেলায়।

তিনি আরও জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) থাকা অবস্থায় গত ৯ জুন, ২০২৬ তারিখে তিনি অসুস্থ হয়ে পাড়েন। কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার কয়েকদিন পর অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। প্রায় দুই মাস আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুরে তিনি সেখানে মারা গেছেন। এরপর মরদেহটি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ৭টি মামলায় তার বেশ কিছুদিন আগেই জামিন হয়েছিল। সবশেষ মামলাটির জামিন হয় ৩০ জুলাই, যখন তিনি হাসপাতালের আইসিইউতে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসাধীন মারা যান মিজানুর রহমান। স্বজনরা  হাসপাতাল থেকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।