কুমিল্লাবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অটোচালককে ধরে নিয়ে গুলি, টাকা-মোবাইল ছিনতাই

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৩, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক অটোরিকশা চালককে ধরে নিয়ে পায়ে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।

বুধবার রাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের বর্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান।

গুলিবিদ্ধ রাব্বি হোসেন রাকিব (২২) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।

তিনি বলেন, রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে তিনি বাসায় ফিরছিলেন। পথে একদল অস্ত্রধারী ইউনিয়ন পরিষদের পাশে তার অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে পাশের একটি বাড়ির পেছনে নিয়ে যায়।

সেখানে একই ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) তার কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে নগদ ১৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ডান পায়ের হাঁটুর পাশে গুলি করে দেয়।

একপর্যায়ে তিনি পাশের ডোবায় লাফ দিয়ে পালিয়ে যান। আহত রাব্বি হোসেন রাকিবকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, “এক ব্যক্তির শরীরে একটি ২.২ বোরের ছোট গুলি লাগার খবর পেয়েছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”