নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় এক নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। বুধবার (২৭ মে) ভোর ৪টা ৫৪ মিনিটে শেরে বাংলা রোডে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরইমধ্যে ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শেরে বাংলা রোডে নির্জন রাস্তা দিয়ে খয়েরি রঙের পোশাক পরিহিত এক নারী একা হেঁটে যাচ্ছিলেন। রাস্তায় আর কোনো মানুষজন দেখা যায়নি। এসময় আচমকা সামনে থেকে একটি মোটরসাইকেলে চড়ে তিনজন দুর্বৃত্ত এসে তার পথরোধ করে। এরপর তারা দেশীয় অস্ত্রের মুখে ওই নারীকে জিম্মি করে তার সাথে থাকা নগদ টাকাসহ যা কিছু ছিল সব ছিনিয়ে নেয়। এসময় ওই নারীকে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি করতেও দেখা যায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র উঁচিয়ে আঘাত করার চেষ্টাও করে। পরে ওই নারী প্রাণে রক্ষা পেতে একটু পিছু হটেন।
মাত্র আড়াই মিনিটের মধ্যে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ওই নারী ছিনতাইকারীদের মোটরসাইকেলের পিছনে বেশ কিছুক্ষণ দৌড়ে যান। তবে ছিনতাইকারীরা পালিয়ে গেলে তিনি দিশেহারা অবস্থায় রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটাছুটি করেন।
ছিনতাইকারীদের কবলে পড়া ওই নারীর নাম পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: আনোয়ার হোসেন সময় সংবাদকে বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই এবং এমন কোনো ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি।’














