ফরিদপুরের চরভদ্রাসনে জেলের মাছ ধরার জালে (চায়না দুয়ারি) ধরা পড়েছে একটি মেছো বাঘের বাচ্চা। বিরল এ বন্যপ্রাণীটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি একনজর দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক মানুষ।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের সার্ভিস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সার্ভিস ঘাট এলাকার জেলে একলাস বেপারী নদীতে পেতে রাখা চায়না দুয়ারি তুলতে যান। এ সময় তিনি জালের ভেতর থেকে জোরে গর্জনের শব্দ শুনতে পান। কাছে গিয়ে দেখতে পান, একটি পাখি খেতে গিয়ে বাঘের বাচ্চার মতো দেখতে একটি প্রাণী জালের ভেতরে আটকা পড়েছে। প্রথমে ভয় পেলেও পরে তিনি স্থানীয়দের খবর দেন।
খবর পেয়ে স্থানীয়রা প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন। তবে উদ্ধারের সময় প্রাণীটির থাবার আঁচড়ে দুজন আহত হন। পরে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করেন।
প্রথমে অনেকেই প্রাণীটিকে বন্য বিড়াল বলে ধারণা করেছিলেন। তবে পরে অভিজ্ঞ ব্যক্তিরা এটিকে মেছো বাঘের বাচ্চা হিসেবে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা প্রাণীটিকে দেখতে ভিড় করেন। স্থানীয় সচেতন ব্যক্তিরা প্রাণীটিকে বিরক্ত না করে নিরাপদে রাখার আহ্বান জানান এবং বিষয়টি বন বিভাগকে অবহিত করেন।
খবর পেয়ে চরভদ্রাসন বন বিভাগের কর্মকর্তা ফজলে করিম ঘটনাস্থলে পৌঁছান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি মেছো বাঘের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যান।
এ বিষয়ে ওই বন কর্মকর্তা জানান, প্রাণীটিকে প্রথমে চরভদ্রাসন প্রাণিসম্পদ অধিদফতরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে। এরপর জেলা বন বিভাগের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক সময়ে নদী ও জলাভূমি এলাকায় খাদ্যের সন্ধানে এসে অসাবধানতাবশত প্রাণীটি জেলের জালে আটকা পড়েছে।












