নওগাঁর মহাদেবপুরে জুয়েলারির দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামের এক স্বর্ণকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ছয় ভরি সোনা ও সাত লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাত লাখ টাকা আর ছয় ভরি সোনা নিয়ে মহাদেবপুর বাজারের জুয়েলারির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন অলিফ। রাত ৯টার দিকে বাড়ির সামনে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
পরে তিনি মাটিতে পড়ে গেলে সঙ্গে থাকা প্রায় ছয় ভরি সোনা ও সাত লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এটি কি ছিনতাই, নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।












