কুমিল্লাবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৩, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর পত্নীতলা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শ্যামল তিগ্গা মোটরসাইকেল নিয়ে একটি রাস্তা থেকে মূল সড়কে উঠছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।