নোয়াখালীর চাটখিলে শিশু আসমা আক্তার হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৪ জুন নির্ধারণ করেছে আদালত। চার বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে এখন রায়ের অপেক্ষায় রয়েছে নিহত শিশুর পরিবার।
রোববার (২৪ মে) নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক নতুন এ তারিখ নির্ধারণ করেন। এদিন মামলার রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২৪ মার্চ আসমা নিখোঁজ হওয়ার পর নয় দিন পর বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার হওয়া আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে।
ঘটনার পর জেলাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এখন মামলার রায় ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।












