দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে রোববার (১৭ মে) সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকালে প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দরসংক্রান্ত পূর্বাভাসে জানানো হয়, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাতসহ বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং এর বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এই আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে।
এছাড়া দিনভর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
তবে বৃষ্টির আভাস থাকলেও দেশের কিছু অঞ্চলে গরমের তীব্রতা এখনই কমছে না। মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন না হওয়ার সম্ভাবনাও রয়েছে।












