কুমিল্লার দেবিদ্বারে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার ও এলাহাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শোয়াব হোসেন ভূঁইয়াকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার এলাহাবাদ ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাহাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সীর পক্ষ থেকে বিএনপির ওই দুই নেতাকে হেনস্তা করা হয়েছে। এর প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিভাজন বা হেনস্তার ঘটনা সংগঠনের জন্য ক্ষতিকর। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার আহ্বান জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











