মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
এতে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়া এক বাসযাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ষোলঘর ভূঁইচিত্র এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত আসলাম হোসেন (৪০) ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহত মো. নজরুল ইসলাম (৪৭) পটুয়াখালীর মীরজাগঞ্জ এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, ভোরে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, ষোলঘর ভূঁইচিত্র এলাকায় ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিয়েছে। এতে মোটরসাইকেল আরোহী আসলাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
এর কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দুর্ঘটনার পরিস্থিতি দেখতে সামনে থাকা যাত্রীবাহী লিটন ট্রাভেলসের চালক গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির এক যাত্রী আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত বাসযাত্রীকে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।












